সোমবার ● ১১ মে ২০২৬

কলাপাড়ায় রাস্তা দখল করে ঘর, ১৮ বছর ধরে অবরুদ্ধ দুই পরিবার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় রাস্তা দখল করে ঘর, ১৮ বছর ধরে অবরুদ্ধ দুই পরিবার
সোমবার ● ১১ মে ২০২৬


 

কলাপাড়ায় রাস্তা দখল করে ঘর, ১৮ বছর ধরে অবরুদ্ধ দুই পরিবার

সাগরকন্যা প্রতিবেদন, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার সড়কের জায়গা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগে দীর্ঘ ১৮ বছর ধরে চরম দুর্ভোগে রয়েছেন দুইটি পরিবার। মাত্র এক ফুটেরও কম প্রশস্ত একটি সংকীর্ণ পথ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। বর্ষাকালে পথটি কাদা-পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সেখানে কখনো ভাঙা কাঁচ, কখনো ব্লেড ফেলে রাখা হয়।

 

সরেজমিনে জানা গেছে, কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকার শৈলেন চন্দ্র শীল ও অনিল চন্দ্র শীলের পরিবার দীর্ঘদিন ধরে এমন ভোগান্তির শিকার। প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ দিয়েও তারা স্থায়ী সমাধান পাননি বলে দাবি করেছেন।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী পরিতোষ শীল ও হরিদাস শীল প্রভাব খাটিয়ে পৌরসভার সড়কের জন্য নির্ধারিত ০.৭২ শতাংশ জমি দখল করে বসতঘর নির্মাণ করেন। এ নিয়ে প্রতিবাদ জানালে শৈলেন ও অনিলের বিরুদ্ধে দেওয়ানি আদালতে একের পর এক চারটি মামলা করেন তারা। তবে প্রতিটি মামলাতেই আদালতের রায় ভুক্তভোগী পরিবারের পক্ষে আসে।

 

এরপরও রাস্তা ছেড়ে না দেওয়ায় গত ২২ এপ্রিল অনিল চন্দ্র শীল পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পৌরসভার তদন্তে সড়কের জায়গা নির্ধারণ করে খুঁটি স্থাপন করা হয় এবং অভিযুক্ত পক্ষকে ঘর সরিয়ে নিতে দুই দফায় সময় দেওয়া হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পৌরসভার সচিব কাব্য লাল চক্রবর্তীসহ আরও তিনজনের বিরুদ্ধে দেওয়ানি আদালতে নতুন মামলা করেন পরিতোষ শীল।

 

অভিযোগ অস্বীকার করে পরিতোষ শীল বলেন, তার ক্রয়কৃত জমির দেড় শতাংশ ঘাটতি রয়েছে। এ কারণে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন। তিনি দাবি করেন, প্রতিপক্ষের দলিলের চৌহদ্দিতে কোনো রাস্তা নেই, তবুও তারা তার জমির ওপর রাস্তা দাবি করছেন।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার হামিদ বলেন, সড়ক দখলের বিষয়টি সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:২৫ ● ৩০ বার পঠিত