রবিবার ● ১০ মে ২০২৬
ভুয়া বিল-ভাউচার মামলায় ঝালকাঠিতে দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে
হোম » লিড নিউজ » ভুয়া বিল-ভাউচার মামলায় ঝালকাঠিতে দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠির নলছিটিতে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ব্যাংকে জমা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুই মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার (১০ মে) ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম এইচ এম কবির হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান মামলার বাদীপক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন।
কারাগারে যাওয়া দুই শিক্ষক হলেন অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক মো. নুরুল আমিন মুন্সী এবং সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম।
মামলার নথি অনুযায়ী, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষর জাল করে ২০২৪ সালের ১২ আগস্ট ২ লাখ ৭৩ হাজার ৪০৫ টাকার একটি ভুয়া বিল-ভাউচার তৈরি করা হয়। পরে ওই ভাউচার রূপালী ব্যাংকের বরিশাল চকবাজার শাখায় জমা দেয়।
ব্যাংক কর্তৃপক্ষের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা মাদ্রাসা সভাপতিকে অবহিত করে। এরপর তিনি আদালতে মামলা দায়ের করেন।
আইনজীবী মিজানুর রহমান মুবিন সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই নিউটন অধিকারী তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।
বাংলাদেশ সময়: ২৩:৩২:২৫ ● ১২৪ বার পঠিত
