রবিবার ● ১০ মে ২০২৬
জিয়ানগরে গোপনে মাদ্রাসার পুরাতন ভবনের মালামাল বিক্রির অভিযোগ
হোম » লিড নিউজ » জিয়ানগরে গোপনে মাদ্রাসার পুরাতন ভবনের মালামাল বিক্রির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের জিয়ানগর উপজেলার একটি মাদ্রাসার পুরাতন ভবনের বিভিন্ন মালামাল নিয়মনীতি উপেক্ষা করে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদ্রাসার সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার নতুন ভবন নির্মাণের পর পরিত্যক্ত পুরাতন আধাপাকা ভবনের জানালার গ্রিল, লোহার দরজা, টিন, রডসহ বিভিন্ন মালামাল নিয়ম অনুসরণ না করেই বিক্রি করেন। পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের বিষয়টি অবহিত করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ ব্যক্তিগতভাবে বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার বলেন, মাদ্রাসার উন্নয়নের স্বার্থেই পরিত্যক্ত কিছু মালামাল বিক্রি করা হয়েছে। পরিচালনা কমিটির রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিক্রির অর্থ মাদ্রাসার উন্নয়ন খাতে জমা করা হবে।
অন্যদিকে ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার জানান, পরিত্যক্ত আধাপাকা ভবনের ছাউনি টিন, একটি রেন্ডি ও দুটি চম্বল গাছ বিক্রির বিষয়ে প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তির আলোচনা হলেও জানালা, দরজা, টিন ও লোহা আলাদাভাবে বিক্রির কোনো সিদ্ধান্ত বা রেজুলেশন হয়নি। তার অভিযোগ, সভাপতি এককভাবে ও কিছু শিক্ষকের সঙ্গে যোগসাজশে নিলাম ছাড়াই এসব মালামাল বিক্রি করেছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল হান্নান সাগরকন্যাকে বলেন, এ ধরনের মালামাল বিক্রির বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই এবং এখন পর্যন্ত লিখিত অভিযোগও পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি দেখেন। তারা অবহিত করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
বাংলাদেশ সময়: ২৩:১৫:২৬ ● ৪১ বার পঠিত
