বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬
ই-হেলথ কার্ড চালু হবে, স্বাস্থ্যসেবা পৌঁছাবে ঘরে ঘরে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
হোম » পটুয়াখালী » ই-হেলথ কার্ড চালু হবে, স্বাস্থ্যসেবা পৌঁছাবে ঘরে ঘরে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশে শিগগিরই ‘ই-হেলথ কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে প্রথমবার দায়িত্ব গ্রহণের পর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্যখাতের মূল দর্শন ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ বাস্তবায়নের অংশ হিসেবেই ই-হেলথ কার্ড চালু করা হবে। একই সঙ্গে জেলা, উপজেলা ও মেডিকেল কলেজ পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং জনবল বৃদ্ধি করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সীমিত অবকাঠামো ও স্বল্প জনবল নিয়েও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত হচ্ছে। ২৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপে করিডোর পর্যন্ত ভর্তি হয়ে যায়, অনেক রোগীকে মেঝেতেও চিকিৎসা নিতে হয়। এ পরিস্থিতি মোকাবিলায় পটুয়াখালীতে পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া, পুলিশ সুপার আবু ইউসুফ, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন রুপা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬:৩৬:৫৬ ● ২৫ বার পঠিত
