মঙ্গলবার ● ৫ মে ২০২৬

রাঙ্গাবালীতে মাদ্রাসা শিক্ষক আটক, শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ

হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে মাদ্রাসা শিক্ষক আটক, শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ
মঙ্গলবার ● ৫ মে ২০২৬


 

রাঙ্গাবালীতে মাদ্রাসা শিক্ষক আটক, শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে পুলিশ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে হিফজ বিভাগের শিক্ষক হাফেজ সফিকুল ইসলাম জিসান (২০) ওই শিশুকে তার কক্ষে ডেকে নেন। পরবর্তীতে শিশুটির সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং সকালে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুটির পরিবার এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ন্যায়বিচারের দাবি জানিয়েছে। শিশুটির মা-বাবা জানান, নিরাপদ পরিবেশ ভেবে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানো হলেও সেখানে এমন ঘটনা ঘটেছে।

এদিকে, স্থানীয়দের উদ্যোগে মাদ্রাসা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে এবং ভুক্তভোগী শিশুর চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দিয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ  ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, অভিযোগের ভিত্তিতে শিক্ষককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১১:৫৬ ● ২৮ বার পঠিত