রবিবার ● ৩ মে ২০২৬
বিরল চর্মরোগে আক্রান্ত নাজিরপুরের শিশু তানিয়ার চিকিৎসা সহায়তা জরুরী
হোম » পিরোজপুর » বিরল চর্মরোগে আক্রান্ত নাজিরপুরের শিশু তানিয়ার চিকিৎসা সহায়তা জরুরী
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের লেবু জিলবুনিয়া গ্রামের সাত বছরের শিশু তানিয়া বিরল এক চর্মরোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। জন্মের পর থেকেই তার শরীরে জটিল সমস্যা দেখা দেয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা, যা দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।
পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পরও অবস্থার উন্নতি না হওয়ায় তানিয়াকে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় তার বিরল চর্মরোগ শনাক্ত হয়। বর্তমানে তার শরীরের মুখ, হাত-পা ও পিঠজুড়ে ফোসকা, ঘা ও খসখসে ত্বক দেখা দিয়েছে। তীব্র চুলকানি ও ব্যথায় দিন-রাত কষ্ট পাচ্ছে শিশুটি।
তানিয়ার বাবা আল-আমিন মিয়া বলেন, আমি একজন দিনমজুর মানুষ। সংসার চালাতেই কষ্ট হয়। মেয়ের চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানাই।
মা নয়নী বেগম বলেন, জন্মের পর থেকেই ওর শারীরিক সমস্যা ছিল। এখন কষ্টটা এত বেড়েছে যে সহ্য করা কঠিন হয়ে গেছে। কিন্তু চিকিৎসার সামর্থ্য নেই।
নানী শাহিনুর বেগম বলেন, শরীরে সাবান বা শ্যাম্পু ব্যবহার করানো যায় না। সারারাত চুলকাতে থাকে, ঠিকমতো ঘুমাতেও পারে না।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, শিশুটির পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত আবেদন দিতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার চেষ্টা করা হবে বলে তিনি জানান।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৩৩:৪৫ ● ১৯ বার পঠিত
