মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
বাবুগঞ্জে বিএনপি নেতার পরিচয়ে রাতে খালের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ
হোম » বরিশাল » বাবুগঞ্জে বিএনপি নেতার পরিচয়ে রাতে খালের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা এলাকায় খাল থেকে বিএনপি পরিচয়ে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এতে খালের দুই পাড়ের কৃষিজমি ও চলাচলের রাস্তা হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
তাদের অভিযোগ, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক পরিচয় দেওয়া রাজ্জাক নামে এক ব্যক্তি গত দুই-তিন দিন ধরে রাতে খালের মাটি কাটছেন। রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত এক্সকাভেটর দিয়ে ২০ থেকে ৩০ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে এবং ৮ থেকে ১০টি ডাম্প ট্রাকে করে বিভিন্ন ইটভাটায় তা বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাক মাটি ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলেও জানান তারা।
সরেজমিনে দেখা যায়, রাজমাথা এলাকার ওই খালের পাড়ে ভারী যন্ত্র বসিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। ট্রাক চলাচলের সুবিধার্থে ফসলি জমির ওপর দিয়ে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে, এতে ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। খালের দুই পাশে কয়েকশ বিঘা কৃষিজমি রয়েছে, যেখানে গভীরভাবে মাটি কাটায় বর্ষা মৌসুমে পাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে।
এক কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দুই–তিন দিন ধরে রাতে মাটি কাটা হচ্ছে। এতে চলাচলের পথ নষ্ট হয়ে যাচ্ছে, ফসল ঘরে তুলতে সমস্যা হচ্ছে।’ তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি প্রভাবশালী চক্র এই মাটি ব্যবসা চালাচ্ছে।
অভিযুক্ত রাজ্জাক বলেন, খালটি রেকর্ডভুক্ত জমি এবং কৃষকের সুবিধার কথা বিবেচনা করে মাটি কাটা হচ্ছে। তবে অবৈধ কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবৈধ হলেও সবাইকে ম্যানেজ করেই কাজ করা হচ্ছে।’
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, বিষয়টি জানার পর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:০৭:৪৯ ● ৩০ বার পঠিত
