শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতার অস্বীকার আমতলীতে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ঠিকাদারকে পিটিয়ে জখমের অভিযোগ
হোম » লিড নিউজ » ছাত্রদল নেতার অস্বীকার আমতলীতে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ঠিকাদারকে পিটিয়ে জখমের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খাঁন ও তার অনুসারীদের বিরুদ্ধে। আহত ঠিকাদার মো. শহীদুল ইসলাম খাঁন বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাত প্রায় ৯টার দিকে আমতলী পৌরসভার একে স্কুল চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শহীদুল ইসলাম অভিযোগ করেন, চলতি বছরের জানুয়ারিতে ছাত্রদল নেতা ইমরান খাঁন তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি তা দিতে অস্বীকার করলে দীর্ঘদিন ধরে তাকে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।
ঠিকাদার জানান, ঘটনার রাতে একে স্কুল চৌরাস্তায় একটি দোকানে চা পান করার সময় ইমরান খাঁনের নেতৃত্বে কয়েকজন কিশোর গ্যাং সদস্য এসে পুনরায় চাঁদা দাবি করে। তিনি অস্বীকার করলে তারা তাকে মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে ইমরান খাঁন বলেন, ‘ঠিকাদার শহীদুল ইসলাম বিএনপিকে নিয়ে কটূক্তি করছিল। এ সময় সাকিব নামের এক কর্মী প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’
বরগুনা জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সানাউল্লাহ সানি সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা পাওয়া সাপেক্ষ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেদওয়ান ইসলাম শুভ জানান, আহত শহীদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মো. তারিকুল ইসলাম মাছুম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:৫১:১২ ● ৬১ বার পঠিত
