বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬
রাঙ্গাবালীতে লিজ নেওয়া মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষের অভিযোগ
হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে লিজ নেওয়া মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৮৯ একর জমির একটি মাছের ঘের লিজ নেওয়ার পরও ভোগদখলে যেতে না দেওয়া ও হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন লিজগ্রহীতারা।
বুধবার রাতে রাঙ্গাবালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোখলেছুর রহমান ও রত্তন হাওলাদার অভিযোগ করে বলেন, চলতি বছরের ১ জানুয়ারি শাহ আলম খানসহ আটজনের মালিকানাধীন ঘেরটি ‘একসনা’ লিজ নেন পাঁচজন। লিজ নেওয়ার পর সেখানে ৫৩ মণ মাছ চাষ করা হলেও পরে তা লুট করা হয়।
তারা আরও জানান, লিজ চুক্তির বাইরে থাকা ৯ একর জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে একটি পক্ষ পুরো ঘেরের ভোগদখলে বাধা দিচ্ছে। ওই পক্ষ সাড়ে ৪ একরে আলাদা ঘের নির্মাণসহ প্রায় ২০ একর জমির মালিকানা দাবি করছে।
এ ঘটনায় গত ১৯ এপ্রিল রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৯ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার পর গত মঙ্গলবার ঘেরটির দখল নিতে গেলে সোহরাব, রাজ্জাক, শাহ জামাল ও ওহাব মাতুব্বরের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। এতে তারা আহত হন।
তবে অভিযুক্ত পক্ষের ওহাব মাতুব্বর অভিযোগ অস্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে শাহ আলম খান ঘেরটির ভেতরে প্রায় ২০ একর জমি অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন, যেখানে তার নিজস্ব জমি দেড় একরেরও কম। গত ৫ আগস্টের পর প্রকৃত জমির মালিকরা তাদের অংশ বুঝে নেন। এখন লিজের মাধ্যমে পুনরায় জমি দখলের চেষ্টা করা হচ্ছে। তার দাবি, জমির মালিকদের ওপর হামলা চালিয়েছে লিজগ্রহীতারাই।
বাংলাদেশ সময়: ১৭:০৪:৪৬ ● ৪৯ বার পঠিত
