সোমবার ● ২০ এপ্রিল ২০২৬

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় সমুদ্রস্নানে হাজারো সনাতন ধর্মাবলম্বী

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় সমুদ্রস্নানে হাজারো সনাতন ধর্মাবলম্বী
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় সমুদ্রস্নানে হাজারো সনাতন ধর্মাবলম্বী

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

অক্ষয় পুণ্যলাভের আশায় অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো সনাতন ধর্মাবলম্বীর সমাগম ঘটে। সোমবার (২০ এপ্রিল) ভোর থেকে শুরু হয়ে দিনভর চলে গঙ্গাস্নান, পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান।

 

হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি উপলক্ষে আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে এ আয়োজন করা হয়। ভোর ৫টা থেকে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা মায়ের পূজা শেষে সকাল ১০টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

 

ধর্মবিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম, বেদব্যাস ও গণেশের মহাভারত রচনা শুরু এবং গঙ্গা দেবীর মর্ত্যে আগমনের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বলে বিশ্বাস করা হয়।

 

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার নিহার রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন তাঁর সহধর্মিণী হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।

 

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দ। অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন ভক্ত গৌর গোবিন্দ দাস, শ্রী শ্যামল সুন্দর দাস ও শ্রী গোবিন্দ দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতন জ্যোতি দাস ব্রহ্মচারী।

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় সমুদ্রস্নানে হাজারো সনাতন ধর্মাবলম্বী

 

প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে ভক্তরা গঙ্গাস্নানে অংশ নেন। হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। অনেককে স্নান শেষে পরিবার নিয়ে গীতা পাঠ, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।

 

পিরোজপুর থেকে আগত গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, ‘এই দিনে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য অর্জন করা যায়। এ তিথিতে গঙ্গায় স্নান করলে জীবনের দুঃখ-কষ্ট দূর হয়ে সুখ-সমৃদ্ধি আসে।’

 

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন জানান, ‘প্রতিবছরের ন্যায় এবারও অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগিতায় আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৪৯ ● ২৯ বার পঠিত