সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ
হোম » বরিশাল » গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অবরোধ চলাকালে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং যুবদল নেতা এনামুল হকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। দীর্ঘদিন ধরে এখানে ফুটওভার ব্রিজ বা স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেয়নি। তাই বিষয়টি প্রশাসনের নজরে আনতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
তারা আরও জানান, আগামী তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষোভকারীদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৩৫:১৯ ● ৩৫ বার পঠিত
