বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
মোরেলগঞ্জে স্লুইস গেটের দাবিতে মানববন্ধন
হোম » খুলনা » মোরেলগঞ্জে স্লুইস গেটের দাবিতে মানববন্ধন
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রীডাঙ্গা গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কৃষিকাজ ব্যাহত হওয়ায় পানি নিষ্কাশন ও স্লুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে শত শত কৃষক ও স্থানীয় বাসিন্দা এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সময়মতো জমিতে ফসল চাষ করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে বীজ নষ্ট হয়ে যায় এবং অনেক জমি অনাবাদি পড়ে থাকে। ফলে কৃষকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয় কৃষক মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমাদের একমাত্র ভরসা এই জমি। কিন্তু পানি না নামায় বছরের পর বছর ঠিকমতো চাষ করতে পারি না। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।’
মাস্টার অম্বরেশ তালুকদার দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ইউনিয়ন পরিষদ সদস্য মো. খলিল হাওলাদার বলেন, জলাবদ্ধতার কারণে গ্রামাঞ্চলে সামাজিক সমস্যাও তৈরি হচ্ছে। এই অবস্থায় অনেক ক্ষেত্রে বিয়ে-শাদী নিয়েও জটিলতা দেখা দিচ্ছে। দ্রুত এই সংকট থেকে উত্তরণের দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তারা কৃষকদের সমস্যা গুরুত্ব দিয়ে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নিলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, যার প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়বে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলও করেন।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৮:২২:০৩ ● ৩১ বার পঠিত
