বুধবার ● ৮ এপ্রিল ২০২৬
আগৈলঝাড়ায় ৫ লিটার পেট্রোল আনতে ৫০০ টাকা ভ্যান ভাড়া
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ৫ লিটার পেট্রোল আনতে ৫০০ টাকা ভ্যান ভাড়া
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
আগৈলঝাড়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে মাত্র ৫ লিটার পেট্রোল সংগ্রহ করতে ২৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৫০০ টাকা ভ্যান ভাড়া গুনতে হয়েছে, যা জ্বালানি সংকটের তীব্রতাকে সামনে এনেছে।
জানা গেছে, উপজেলার বাগধা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে বিদ্যুতের লোডশেডিংয়ের সময় রোগীদের সেবা সচল রাখতে জেনারেটরের জন্য পেট্রোল প্রয়োজন হয়। আগে স্থানীয় বাজার থেকেই জ্বালানি সংগ্রহ করা গেলেও বর্তমানে সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সেন্টারের ম্যানেজার মো. আনিচুর রহমান হাওলাদার সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার অয়ন সাহার কাছে পেট্রোলের আবেদন করেন।
পরদিন কাগজপত্র ও জেনারেটরসহ উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হলে ট্যাগ অফিসার তাদের ৫ লিটার পেট্রোলের স্লিপ দিয়ে আগৈলঝাড়া ফিলিং স্টেশনে পাঠান। সেখানে দীর্ঘ সময় অপেক্ষার পর সন্ধ্যায় ৬৮০ টাকায় পেট্রোল সংগ্রহ করতে সক্ষম হন তারা। তবে জেনারেটর আনা-নেওয়ার জন্য সাতলা গ্রামের ভ্যানচালক রহিম সরদারকে ৫০০ টাকা ভাড়া দিতে হয়েছে।
ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার আনিচুর রহমান হাওলাদার বলেন, ট্যাগ অফিসারের নির্দেশনা অনুযায়ী জেনারেটর নিয়ে গিয়ে পেট্রোল সংগ্রহ করেছি। ভবিষ্যতে আবারও প্রয়োজন হলে একইভাবে জেনারেটর নিয়ে যেতে হবে।
সেন্টারের প্রোপাইটর ও ইউপি সদস্য শামীম মিয়া নিক্সন বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে আমরা পেট্রোলনির্ভর হয়ে পড়েছি। কিন্তু ৫ লিটার পেট্রোল আনতে যদি ৫০০ টাকা ভাড়া লাগে, তাহলে সেবামূলক প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে যাবে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার অয়ন সাহা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী খোলা পাত্রে পেট্রোল বহন করা যায় না। তাই জেনারেটর সঙ্গে আনতে বলা হয়েছে। এছাড়া পেট্রোল ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতেই পুনরায় জেনারেটর নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আগৈলঝাড়া ফিলিং স্টেশনে একসঙ্গে ১০০ টাকার বেশি পেট্রোল না দেওয়ায় কৃষকরাও বিপাকে পড়েছেন। সেচ মৌসুমে তেলের স্লিপের জন্য প্রতিদিন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ভিড় করছেন তারা।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৩৭:১৮ ● ২৩ বার পঠিত
