রবিবার ● ২৯ মার্চ ২০২৬

বরগুনায় ফিলিং স্টেশনগুলোতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ

হোম পেজ » লিড নিউজ » বরগুনায় ফিলিং স্টেশনগুলোতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
রবিবার ● ২৯ মার্চ ২০২৬


 

ছবি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদার করতে বরগুনা জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ছয়জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে জেলা প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরগুনা সদরের মেসার্স এস এন্ড বি ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এমাদুল হক, আমতলীর সৈকত ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, মেসার্স কে এস ফিলিং স্টেশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহাগ মিয়া এবং রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে বিএডিসির উপসহকারী প্রকৌশলী মুয়াইমিনুর ইসলাম দায়িত্ব পালন করবেন।

 

এছাড়া পাথরঘাটা উপজেলার তুরাগ অয়েল এন্ড গ্যাস সার্ভিস লিমিটেডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান এবং পাথরঘাটা ফিলিং স্টেশনে প্রশাসনের মনোনীত কর্মকর্তা তদারকির দায়িত্বে থাকবেন।

 

প্রশাসনিক আদেশে বলা হয়েছে, ট্যাগ অফিসারদের প্রধান দায়িত্ব হবে ফিলিং স্টেশনগুলোর জ্বালানি মজুদ যাচাই, বিক্রয় কার্যক্রমে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কি না তা পর্যবেক্ষণ এবং অবৈধভাবে জ্বালানি সরবরাহ হচ্ছে কি না সে বিষয়ে নিয়মিত প্রশাসনকে অবহিত করা।

বরগুনা জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি বাজার স্থিতিশীল রাখা ও গ্রাহক পর্যায়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:২৫ ● ৩৭ বার পঠিত