শনিবার ● ২৮ মার্চ ২০২৬

সংবাদ সম্মেলনে অভিযোগ মায়ের কলাপাড়া লামিয়া হত্যা: ‘১০ লাখ টাকায় আসামি বাদ’

হোম পেজ » পটুয়াখালী » সংবাদ সম্মেলনে অভিযোগ মায়ের কলাপাড়া লামিয়া হত্যা: ‘১০ লাখ টাকায় আসামি বাদ’
শনিবার ● ২৮ মার্চ ২০২৬


 

সংবাদ সম্মেলনে অভিযোগ মায়ের: কলাপাড়া লামিয়া হত্যা: ‘১০ লাখ টাকায় আসামি বাদ’

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করা ষষ্ঠ শ্রেণির ছাত্রী লামিয়ার মামলার চার্জশিট থেকে আসামিদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ঘুষ গ্রহণের দাবি করেছেন নিহতের মা হালিমা বেগম।

 

শনিবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ জানান। তিনি বলেন, ২০২৫ সালের ৩০ জুন সন্ধ্যা সাতটার দিকে তিনি রোগী দেখতে ঘরের বাইরে যান। প্রায় দুই ঘণ্টা পর বাড়ি ফেরার পথে তিনি তাইফুর ইসলাম সোহেল, সুজন ও হাসানকে দৌড়ে পালাতে দেখেন। বাড়িতে গিয়ে মেয়েকে গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদনে লামিয়ার বুকসহ বিভিন্ন স্থানে কামড় ও আঘাতের চিহ্ন এবং গোপনাঙ্গে রক্তক্ষরণের আলামত পাওয়া যায়। ২৬ সেপ্টেম্বর প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

হালিমা বেগম বলেন, ৩ আগস্ট পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জয়নাল মৃধাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হলেও তদন্তকারী কর্মকর্তা তিনজনকে চার্জশিট থেকে বাদ দেন। ‘১০ লাখ টাকার বিনিময়ে তাদের নাম বাদ দেওয়া হয়েছে’ বলে অভিযোগ করেন তিনি।

 

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, তদন্তে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:২০ ● ২৭ বার পঠিত