শনিবার ● ২৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল, করমজলে সর্বাধিক ভিড়
হোম পেজ » খুলনা » ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল, করমজলে সর্বাধিক ভিড়

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
ঈদের টানা ছুটিতে প্রকৃতির টানে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে নেমেছে পর্যটকদের ঢল। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভ্রমণপিয়াসী ছুটে এসে বন, নদী ও সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিচ্ছেন প্রশান্তি।
ঈদের সাত দিনের ছুটির সঙ্গে ২৬ মার্চ এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ১০ দিনের দীর্ঘ অবকাশে সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট মুখর হয়ে ওঠে। বিশেষ করে মোংলা হয়ে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে করমজলে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।
করমজলের পাশাপাশি হাড়বাড়ীয়া, কটকা, কচিখালী ও আন্ধারমানিক এলাকাতেও উপচে পড়া ভিড় দেখা গেছে। বিলাসবহুল লঞ্চ, জ্বালিবোট ও নৌকায় করে পর্যটকরা বনভ্রমণে বের হচ্ছেন। কেওড়া, গরান ও সুন্দরী গাছের ছায়া, নদীর নোনা হাওয়া, হরিণের অবাধ বিচরণ ও পাখির কিচিরমিচির পর্যটকদের মুগ্ধ করছে। কেউ ছবি তুলছেন, কেউ আবার নিঃশব্দে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন।
বগুড়া থেকে আসা মোঃ আসলাম সাগরকন্যাকে বলেন, ‘স্বপরিবারে সুন্দরবন ভ্রমণে এসে খুব ভালো লাগছে। প্রকৃতির এই সৌন্দর্য সত্যিই অসাধারণ।’
যশোর থেকে আসা মোসাম্মদ বিলকিস বেগম বলেন, ‘কুমির, হরিণ ও বানর দেখে ভালো লেগেছে, তবে বাঘ দেখতে না পেয়ে একটু আফসোস রয়ে গেছে।’
ডেনিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ খলিফা জানান, প্রায় তিন হাজার বোটের মাধ্যমে আগত পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছেন।
ট্যুরিস্ট পুলিশের সুন্দরবন জোনের মুখপাত্র ব্রজ কিশোর পাল বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। বোটে অতিরিক্ত যাত্রী বহন রোধ ও লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক নিশ্চিত করা হচ্ছে।’
সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, ‘এবারের ঈদে পর্যটকের আগমন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। শুধু করমজলেই প্রায় ১১ হাজার দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে এসেছেন।’
সব মিলিয়ে ঈদের এই ছুটিতে প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠেছে সুন্দরবন, যেখানে প্রকৃতির টানে মানুষের উপস্থিতি তৈরি করেছে এক ভিন্নমাত্রার উৎসবমুখর পরিবেশ।
বাংলাদেশ সময়: ১৫:২৬:১২ ● ১৭ বার পঠিত
