বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬

দক্ষিণ আইচার ঢালচরে জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

হোম পেজ » ভোলা » দক্ষিণ আইচার ঢালচরে জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬


 

দক্ষিণ আইচার ঢালচরে জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্র সৈকত এলাকায় শ্রমিক দল নেতা কোরল জাহাঙ্গীর ও তার বাহিনীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (১১ মার্চ) বিকেলে তারুয়া সমুদ্র সৈকত সড়কে শতাধিক নারী-পুরুষ এ বিক্ষোভে অংশ নিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, চালচর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হাতেম আলীর ছেলে এবং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কোরল জাহাঙ্গীরের নেতৃত্বে একটি বাহিনী এলাকায় মাদক ব্যবসা, ঘরচুরি, অস্ত্রের মহড়া ও সাধারণ মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে আসছে। এসব কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্কের মধ্যে বসবাস করছে।

 

স্থানীয় জেলে আজিজ বাবুল অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্রের আশ্রয়ে কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। রাতের বেলায় বাড়িঘরে চুরির ঘটনাও ঘটছে এবং মাঝে মাঝে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

 

বিক্ষোভে অংশ নেওয়া রোসনা বেগম ও সাজু বিবি অভিযোগ করেন, জাহাঙ্গীর ও তার ছেলেরা বিভিন্নভাবে নারীদের উত্যক্ত করে। গত সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কোরল জাহাঙ্গীরের ছেলে এমরান, আল-আমিন ও সজিব তাদের বাড়ির টয়লেটের বদনায় মরিচের গুঁড়া দেয়। এতে তারা আহত হন। বিষয়টি পরিবারকে জানালে উল্টো হামলার ঘটনা ঘটে এবং এতে ৫-৬ জন আহত হন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

স্থানীয় কৃষক কাদের মাঝি বলেন, দ্রুত সময়ের মধ্যে কোরল জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এলাকাবাসী আরও বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। তারা শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করতে চান।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কোরল জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ ছড়ানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

ঢালচর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চলছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:০২:২৯ ● ৬২ বার পঠিত