শনিবার ● ৭ মার্চ ২০২৬

তালতলীতে যৌতুক দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

হোম » লিড নিউজ » তালতলীতে যৌতুক দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
শনিবার ● ৭ মার্চ ২০২৬


তালতলীতে যৌতুক দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে দুই সন্তানের জননী আছিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ফরহাদ হোসেন পহলান (৩০) ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

শুক্রবার (৬ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম অঙ্কুজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ফরহাদ হোসেন একই এলাকার আব্দুর রব পহলানের ছেলে এবং নিহত আছিয়া বেগম একই ইউনিয়নের মৌরভী গ্রামের মজিবর জোমাদ্দারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে ফরহাদ হোসেনের সঙ্গে আছিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফরহাদ ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে আছিয়াকে প্রায়ই নির্যাতন করতেন। বিভিন্ন সময়ে আছিয়ার পরিবার টাকা দিলেও সর্বশেষ শুক্রবার রাতে আবারও যৌতুক দাবি করা হয়। এ সময় মারধরের একপর্যায়ে আছিয়ার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করতে গলায় ওড়না পেঁচিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন স্বজনরা। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত আছিয়ার বাবা মজিবর জোমাদ্দার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ের কাছে যৌতুক দাবি করা হতো। বিভিন্ন সময়ে তিনি কয়েক লাখ টাকা দিয়েছেন এবং একবার জামাইকে প্রবাসেও পাঠিয়েছেন। এরপরও শুক্রবার রাতে যৌতুকের দাবিতে মারধর করে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং এ ঘটনার বিচার দাবি করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

মংথা/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩২ ● ৯৪ বার পঠিত