রবিবার ● ১ মার্চ ২০২৬

আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে বীম ধস, রোগীদের রাত কাটল বাইরে

হোম পেজ » বরগুনা » আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে বীম ধস, রোগীদের রাত কাটল বাইরে
রবিবার ● ১ মার্চ ২০২৬


আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে বীম ধস, রোগীদের রাত কাটে বাইরে

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

ভূমিকম্পের পর ফাটলধরা ভবনের দোতলায় বীম ভেঙে পলেস্তারা ধসে পড়ায় বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাতে এ ঘটনায় অর্ধশতাধিক রোগী হাসপাতাল ছেড়ে বাইরে রাত কাটান।

জানা গেছে, ১৯৮৯ সালে স্বাস্থ্য বিভাগ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করে। গত ৩৭ বছর ধরে ওই ভবনেই চিকিৎসাসহ সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুক্রবারের ভূমিকম্পে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। শনিবার রাতে দোতলার একটি বীম ভেঙে পলেস্তারা এক রোগীর গায়ে পড়ে। এতে বেডে থাকা অর্ধশতাধিক রোগীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগী ও স্বজনরা দ্রুত ভবন ত্যাগ করেন। ওই রাতে কেউ আর বেডে ফিরে আসেননি।

খেকুয়ানী গ্রামের বাসিন্দা শিশু ওয়ার্ডের রোগী তানিয়া আক্তার বলেন, বীম ধসে পড়ার খবর ছড়িয়ে পড়তেই সবাই বেড ছেড়ে বাইরে চলে যান। সারা রাত কেউ ভেতরে ফেরেননি। তিনি বলেন, আমিও আমার সন্তানকে নিয়ে বাইরে রাত কাটিয়েছি।

ছোট নীলগঞ্জ গ্রামের রোগী মোর্শ্বেদা বলেন, রাতে ভবন থেকে ভাঙার শব্দ পেয়ে তিনি দৌড়ে বাইরে নেমে যান। অন্য রোগীরাও আতঙ্কে বের হয়ে আসেন। ওই রাতে আর কেউ ফিরে যাননি।

রোগীর স্বজন মো. শাহীন বলেন, আতঙ্কে সব রোগী বেড ছেড়ে বাইরে নেমে যান।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ড ইনচার্জ মোসা. মোর্শ্বেদা বেগম বলেন, ভবনের ফাটা অংশ ভেঙে রোগীর গায়ে পড়েছে। আতঙ্কে শিশু ওয়ার্ডসহ সব ওয়ার্ডের রোগীরা বাইরে চলে যান। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, ভূমিকম্পে পুরোনো ভবনের অনেক স্থানে ফাটল ধরেছে। শনিবার রাতে দোতলায় বীম ভেঙে পড়েছে। বিষয়টি বরগুনার সিভিল সার্জন ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে।

বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ডিপিপি পাস হলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৬:২৮ ● ৩০ বার পঠিত