শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
মিথ্যা মামলার অভিযোগে আগৈলঝাড়ায় দুই শিক্ষার্থীর সংবাদ সম্মেলন
হোম পেজ » বরিশাল » মিথ্যা মামলার অভিযোগে আগৈলঝাড়ায় দুই শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
মিথ্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়ানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আগৈলঝাড়ায় দুই সহোদর শিক্ষার্থী। শুক্রবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী লিমন হাওলাদার অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের লক্ষ্মণ মিস্ত্রির ছেলে অশোক মিস্ত্রি গত ২৩ ফেব্রুয়ারি আগৈলঝাড়া থানায় তার ও তার ছোট ভাই ফকুর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
লিখিত বক্তব্যে লিমন বলেন, তাদের কোনো এয়ারগান নেই এবং তারা এয়ারগান চালাতেও জানেন না। তিনি বর্তমানে ঢাকা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এবং তার ছোট ভাই আস্কর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন তিনি এলাকায় ছিলেন না; উজিরপুর উপজেলার সাতলা গ্রামে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রায় সাত বছর আগে অশোক মিস্ত্রি জমিতে ইঁদুর মারার জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ দিলে তার চাচাতো ভাই জিয়া হাওলাদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তিনি বেঁচে থাকলেও তার দুই হাতের কবজি কেটে ফেলতে হয় এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন। ওই ঘটনার পর থেকেই অশোক মিস্ত্রি তাদের পরিবারের প্রতি ক্ষুব্ধ ছিলেন বলে দাবি করেন লিমন।
সংবাদ সম্মেলনে লিমন বলেন, দীর্ঘদিনের বিরোধের জের ধরে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সাজানো মামলা করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন, শিক্ষাজীবন বিপন্ন এবং মানসিকভাবে হয়রানি করা হচ্ছে। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হয়রানি থেকে মুক্তি চেয়ে স্বাভাবিকভাবে শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেখানকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য জয়নাল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, স্কুল শিক্ষিকা শাহিদা বখতিয়ার, স্থানীয় কবির হাওলাদার, আলমগীর হাওলাদার, নুপুর বেগম, রেজাউল করিম, জাহাঙ্গীর হাওলাদারসহ শতাধিক নারী-পুরুষ।
এ বিষয়ে মামলার বাদী অশোক মিস্ত্রি সাগরকন্যা্র এ প্রতিবেদককে বলেন, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
বাংলাদেশ সময়: ১৪:৪৪:৪৬ ● ৪২ বার পঠিত
