শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
স্থগিত থাকা বাগেরহাটের দুটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
হোম » রাজনীতি » স্থগিত থাকা বাগেরহাটের দুটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের স্থগিত থাকা ২টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট-২ (সদর–কচুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে প্রার্থী হচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে তারা নিজ নিজ ফেসবুক আইডি থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবার দোয়া ও শুভেচ্ছা কামনা করছি।
ড. শেখ ফরিদুল ইসলাম লিখেছেন, বিএনপি থেকে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের ভেতরের সব বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং ধানের শীষের বিজয়ের প্রত্যাশা করি।
ড. শেখ ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন এবং শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
অপরদিকে ব্যারিস্টার জাকির হোসেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ‘সম্প্রীতি বাগেরহাট’-এর চারটি আসন রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া বাগেরহাটের মানুষের পক্ষে আইনজীবী হিসেবে তিনি সমাদৃত এবং দলীয় নেতাকর্মীদের মামলা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বাকি থাকা বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে মনোনয়নের বিষয় এখনো নিশ্চিত নয়। তবে গুঞ্জন রয়েছে, বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে মনোনয়ন পেতে পারেন।
বাংলাদেশ সময়: ২১:১৪:৪১ ● ৩৭০ বার পঠিত
