রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬

বেতাগীতে ছাত্রদল নেতার বাড়িতে মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, আলোচনা

হোম » লিড নিউজ » বেতাগীতে ছাত্রদল নেতার বাড়িতে মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, আলোচনা
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

বেতাগীতে ছাত্রদল নেতার বাড়িতে মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, আলোচনা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার বেতাগীতে ছাত্রদল নেতার বাড়িতে বসে মাদক সেবনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। একই বাড়িতে দুই রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি, মাদক উদ্ধার এবং রামদা ও চাবুক জব্দের ঘটনায় কৌতূহল দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

 

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজীব জোমাদ্দারের বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সহসভাপতি নাঈম খান ও রাজীব জোমাদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে বসে ছাত্রলীগ ও ছাত্রদলের তিন নেতা মাদক সেবন করছেন বলে জানতে পারে পুলিশ। পরে বেতাগী থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি একটি রামদা ও চাবুক জব্দ করা হয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, একই বাড়িতে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাদের মাদক সেবনের অভিযোগ এবং পুলিশের অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি রামদা ও চাবুক উদ্ধারের ঘটনায় এলাকায় আলোচনা চলছে। রাজনৈতিক পরিচয়ের এসব নেতার এমন কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

 

বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল তিন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২২:৫৬