রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬

সুন্দরবনে পৃথক অভিযান: আসাবুর বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও জিম্মি জেলেকে উদ্ধার

হোম » জেলে-মৎস্য » সুন্দরবনে পৃথক অভিযান: আসাবুর বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও জিম্মি জেলেকে উদ্ধার
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

সুন্দরবনে পৃথক অভিযান: আসাবুর বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫) আটক হয়েছেন। এ সময় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দস্যুদের হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার এবং ডাকাতদের রসদসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

 

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লেফটেন্যান্ট এম এইচ রিফাত এসব তথ্য জানান।

 

তিনি জানান, সুন্দরবনে বনদস্যু দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে।

 

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় মুক্তিপণের উদ্দেশ্যে এক জেলেকে জিম্মি করে রাখার খবর পায় কোস্ট গার্ড। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা ও জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গহিনে পালিয়ে যায়।

 

পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ নভেম্বর) রাত ১টায় দাকোপের মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। তিনি খুলনার দাকোপ থানার বাসিন্দা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ডের মুখপাত্র আরও জানান, ২০২৪ সালের ১২ নভেম্বরও আসাবুরকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুন্দরবনে দস্যুতায় জড়ান।

 

অন্যদিকে, শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকির নিয়মিত টহলের সময় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় ডাকাতদের রসদসহ নৌকাটি জব্দ করা হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে ডাকাত দলকে শনাক্ত করা সম্ভব হয়নি। জব্দ নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট এম এইচ রিফাত বলেন, ‘সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’

বাংলাদেশ সময়: ১৮:২৯:৪৮