রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
বরগুনায় বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাবের উদ্বোধন
হোম » বরগুনা » বরগুনায় বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাবের উদ্বোধন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে ভাষাজ্ঞান, যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস অর্জন করতে হবে। এসব দক্ষতা বিকাশে বিতর্কচর্চা ও ভাষা শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
রবিবার (২৯ নভেম্বর) সকালে বরগুনার তালতলী উপজেলার আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি মাতৃভাষার শুদ্ধ চর্চাও জরুরি। বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তি দিয়ে কথা বলতে, অন্যের মতামতকে সম্মান করতে এবং যেকোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতে শেখায়। এ ধরনের ক্লাব শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই তাদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:০২:৩১
