রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬

বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

হোম » বরগুনা » বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে সড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।

 

রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

 

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পৌর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকে ঢাকাগামী কোনো যাত্রীবাহী বাস চলাচল করছে না। বরগুনা থেকে ঢাকা ও অন্যান্য গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে আসা যাত্রীরা বাস না পেয়ে ফিরে গেছেন। তবে বরগুনা-বরিশাল রুটসহ অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনালে সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে।

 

বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বরিশালসহ বিভাগের বিভিন্ন রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী পরিবহন গতকাল রাতে ছেড়ে গেছে এবং কিছু বাস ফিরেও আসছে। তবে নিরাপত্তার স্বার্থে আজ রাজধানীর সঙ্গে পরিবহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। গাড়ি ভাঙচুর কিংবা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

 

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বলেন, বরগুনা থেকে বরিশাল রুটে অভ্যন্তরীণ বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল থেকেই ঢাকাগামী দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৫:২০