শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
ঘুষ ও দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জে আনসার-ভিডিপি দলনেতাদের মানববন্ধন
হোম » ঢাকা » ঘুষ ও দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জে আনসার-ভিডিপি দলনেতাদের মানববন্ধন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তাহমিনা আক্তারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন আনসার-ভিডিপির দলনেতারা। শনিবার বিকেলে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দলনেতা মো. নাজমুল হক, গোবরা ইউনিয়নের দলনেত্রী রেহানা বেগম, উলপুর ইউনিয়নের দলনেত্রী অঞ্জনা বিশ্বাস ও আনসার-ভিডিপি সদস্য জুলহাসসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, গত জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজায় দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য পাঠানোর ক্ষেত্রে টাকার বিনিময়ে অযোগ্য ও প্রশিক্ষণবিহীন ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তাদের দাবি, যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের বাদ দিয়ে অযোগ্যদের নাম দিয়ে দায়িত্ব পালন না করিয়েও অর্থ আত্মসাৎ করা হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, পূজামণ্ডপে দুজন সদস্য দিয়ে দায়িত্ব পালন করিয়ে পুরো দলের বরাদ্দের টাকা একাই তুলে নেন উপজেলা কর্মকর্তা। প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্য সদস্যদের নাম প্রস্তাব করা হলেও সেগুলো তালিকা থেকে বাদ দেওয়া হয়। এসব ঘটনার প্রতিবাদ করায় দলনেতাদের শোকজ করা ও গালিগালাজ করার অভিযোগও তোলেন তারা।
মানববন্ধনে বক্তারা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তাহমিনা আক্তারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘আমাদের সব কাজ অনলাইন সফটওয়্যারের মাধ্যমে হয়। এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে, সেগুলো মিথ্যা ও বানোয়াট।’
বাংলাদেশ সময়: ২১:৪৫:০২
