শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
চার দিনের মাথায় নাজিরপুর শ্রমিক দলের আহ্বায়কের পদ ছাড়লেন মনির
হোম » পিরোজপুর » চার দিনের মাথায় নাজিরপুর শ্রমিক দলের আহ্বায়কের পদ ছাড়লেন মনির
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আংশিক কমিটি গঠনের চার দিনের মাথায় আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন সরদার মনিরুজ্জামান (মনির)। কমিটিকে বিতর্কিত উল্লেখ করে পরিচ্ছন্ন রাজনীতির কথা জানিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে, গত ২৩ নভেম্বর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজিরপুর উপজেলা শ্রমিক দলের আগের কমিটি বিলুপ্ত করে চার সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে এম. মনিরুজ্জামান সরদারকে আহ্বায়ক, মো. শহিদুল ইসলাম খানকে সদস্যসচিব, মো. মাইনুল ইসলাম মিন্টুকে যুগ্ম আহ্বায়ক এবং মো. শোভন তালুকদারকে সদস্য করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
পদত্যাগপত্রে মনিরুজ্জামান লেখেন, আমি পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করি। তাই এই বিতর্কিত কমিটির আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
পদত্যাগের কারণ জানতে চাইলে সরদার মনিরুজ্জামান বলেন, উপজেলা বিএনপি তাঁর বিষয়ে জেলা শ্রমিক দলের কাছে একটি চিঠি দিয়েছে। তিনি দীর্ঘদিন এলাকায় ছিলেন না, এমন একটি বিতর্কিত বিষয় সামনে এসেছে, যা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। থানা বিএনপিসহ শ্রমিক দলের কয়েকজন নেতার বিরূপ প্রতিক্রিয়াও ছিল। তাই তিনি মনে করেছেন, এই পদে তাঁর থাকা প্রয়োজন নেই।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান বলেন, তাঁরা জেলা শ্রমিক দলের কাছে লিখিতভাবে জানিয়েছেন। মনিরুজ্জামানের দীর্ঘদিন অনুপস্থিতি ছিল। এ ছাড়া উপজেলা বিএনপির সঙ্গে পরামর্শ না করে কমিটি দেওয়ায় তাঁর বিষয়ে জেলা শ্রমিক দলের কাছে লিখিত আবেদন করেছেন তাঁরা।
আবু হাসান খান আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন, এমন নেতাদের নিয়ে কমিটি গঠন করা উচিত ছিল। মনিরুজ্জামান প্রায় ১২ বছর আগে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তবে গত ১০ থেকে ১২ বছর তাঁকে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায়নি।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন বলেন, তিনি এ বিষয়ে এখনো কিছু শোনেননি।
এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৪:৫২:১৩
