শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬

নলছিটিতে কলা-রুটি খাইয়ে অটোরিকশাচালককে অচেতন করে গাড়ি ছিনতাই

হোম » ঝালকাঠি » নলছিটিতে কলা-রুটি খাইয়ে অটোরিকশাচালককে অচেতন করে গাড়ি ছিনতাই
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে কলা ও রুটি খাইয়ে এক অটোরিকশাচালককে অচেতন করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টার দিকে নলছিটি পৌরসভার একটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার মালিক নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামের মো. পারভেজ হাওলাদার (২৬) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, পারভেজ হাওলাদারের প্রায় ৩ লাখ টাকা মূল্যের পাঁচ ব্যাটারিচালিত লাল রঙের অটোরিকশাটি ভাড়ায় চালাতেন মো. মাহাবুব মোল্লা (২০)। ঘটনার দিন অটোরিকশা নিয়ে নলছিটি এলাকায় গেলে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি যাত্রী সেজে তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে তাঁরা মাহাবুবকে কলা ও রুটি কিনে দেন। সেগুলো খাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পরে তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজনের সহায়তায় মাহাবুব মোল্লাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

ঘটনার খবর পেয়ে অটোরিকশার মালিক পারভেজ হাওলাদার স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে নলছিটি থানায় লিখিত অভিযোগ করেন।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৩১