শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬

বরগুনায় ‘আব্দুল গফুর’ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৯ শিক্ষার্থী

হোম » শিক্ষা » বরগুনায় ‘আব্দুল গফুর’ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৯ শিক্ষার্থী
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬


 

বরগুনায় ‘আব্দুল গফুর’ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৯ শিক্ষার্থী

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

শিশু শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও পড়াশোনায় উৎসাহিত করতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘আব্দুল গফুর’ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষা। এতে পঞ্চম শ্রেণির ৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বরগুনা শহরের কলেজ রোডে শরীফ ভবনে অবস্থিত আসাদ ক্যাডেট কোচিং কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

আয়োজক সূত্রে জানা গেছে, বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

 

পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী প্রথম স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার ৮০০ টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার ৬০০ টাকা, চতুর্থ স্থান অর্জনকারীকে ১ হাজার ৪০০ টাকা, পঞ্চম স্থান অর্জনকারীকে ১ হাজার ২০০ টাকা এবং ষষ্ঠ স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। সপ্তম থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের যথাক্রমে ৯০০, ৮০০, ৭০০ ও ৬০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। সব মিলিয়ে বৃত্তি বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার টাকা।

 

আগামী ৪ ডিসেম্বর সকাল ৯টায় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।

 

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজন তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং নিজেদের মেধা ও যোগ্যতা যাচাই করতে উৎসাহিত করে। ভবিষ্যতেও এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ রয়েছে তাদের।

 

অভিভাবকেরা বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশ ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হয়।

 

আয়োজক ও আসাদ ক্যাডেট কোচিংয়ের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা মো. মিজানুর রহমান মিরাজ বলেন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভালো ফলাফলে উৎসাহিত করতেই এ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। তাঁর প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪২:১৯