শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬

দশমিনায় পরিসংখ্যান কার্যালয়ের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

হোম » পটুয়াখালী » দশমিনায় পরিসংখ্যান কার্যালয়ের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬


 

মো. মনিরুল হক। ছবি- সংগৃহীত

কাজল বরণ দাস, পটুয়াখালী

 

পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন খাতের বরাদ্দের টাকা ভুয়া বিল-ভাউচার দিয়ে উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে সদ্য সাবেক পরিসংখ্যান কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মনিরুল হকের বিরুদ্ধে।

 

অভিযোগ রয়েছে, বিদ্যুৎ বিল, কম্পিউটার সামগ্রী ক্রয়, কম্পিউটার মেরামত, মনিহারি পণ্য, অনুষ্ঠান ও উৎসবসহ বিভিন্ন খাতে সরকারি বরাদ্দের টাকা ভুয়া বিল-ভাউচার দেখিয়ে উত্তোলন করেন তিনি।

 

এর আগে নৌযান শুমারির কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার খাবারের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল মনিরুল হকের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে গত ১৮ অক্টোবর তাঁকে চরফ্যাশন উপজেলায় বদলি করা হয়। ২৯ অক্টোবর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয় ত্যাগ করার পর বরাদ্দের টাকা আত্মসাতের বিষয়টি আলোচনায় আসে।

 

দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, অফিস পরিচালনার জন্য চলতি অর্থবছরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থ বিভাগ বিভিন্ন খাতে বরাদ্দ দেয়। বরাদ্দ ছাড়ের সাত দিনের মধ্যে মনিহারি খাতে ৩০ হাজার, কম্পিউটার সামগ্রী খাতে ১৮ হাজার, অনুষ্ঠান ও উৎসব খাতে ১৪ হাজার, বিদ্যুৎ বিল খাতে ৬ হাজার, কম্পিউটার মেরামত খাতে ৪ হাজার, আসবাবপত্র মেরামত খাতে ৩ হাজার ও বইপত্র খাতে ১ হাজার ৭০০ টাকাসহ বিভিন্ন খাতের টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করেন মনিরুল হক।

 

নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত অফিস পরিচালনার জন্য এসব বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের টাকা দিয়ে পুরো অর্থবছর অফিস পরিচালনা করার কথা। তবে নিয়মের তোয়াক্কা না করে একদিনেই পুরো অর্থবছরের বরাদ্দ ভুয়া বিল-ভাউচার দেখিয়ে উত্তোলনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

 

অনুসন্ধানে জানা যায়, চলতি অর্থবছরে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে কোনো অনুষ্ঠান বা উৎসব অনুষ্ঠিত হয়নি। এমনকি উপজেলা পর্যায়ে পরিসংখ্যান দিবসও পালন করা হয়নি। তারপরও অনুষ্ঠান ও উৎসব খাতের ১৪ হাজার টাকা ভুয়া বিল-ভাউচার দেখিয়ে উত্তোলন করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই টাকা আত্মসাত করেন মনিরুল হক।

 

অন্যদিকে, প্রতি অর্থবছরে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বরাদ্দ দেওয়া হলেও প্রায় তিন বছরের ৮ হাজার ৩১৭ টাকা বিল বকেয়া রয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিবছর বিদ্যুৎ বিলের বরাদ্দ উত্তোলন করলেও বছরের পর বছর বিল পরিশোধ না করে টাকা আত্মসাত করেন তিনি। পল্লী বিদ্যুৎ অফিস থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও বিল পরিশোধ করা হয়নি। সর্বশেষ ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ বিল খাতে বরাদ্দের ৬ হাজার টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করেন মনিরুল হক। তবে বিল পরিশোধ না করেই বদলিজনিত কারণে কর্মস্থল ত্যাগ করেন তিনি। বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার ৬ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়। এখনো ২ হাজার ৩১৭ টাকা বকেয়া রয়েছে।

 

এদিকে, মনিহারি খাতের ৩০ হাজার, কম্পিউটার সামগ্রী খাতের ১৮ হাজার, কম্পিউটার মেরামত খাতের ৪ হাজার টাকাসহ বিভিন্ন খাতের বরাদ্দ ভুয়া বিল-ভাউচার দিয়ে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

 

পুরো অর্থবছরের বরাদ্দ একদিনে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে উত্তোলনের বিষয়ে জানতে দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে গেলে কোনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী রাবেয়া বেগম ও চেইনম্যান আনোয়ার হোসেন বলেন, ‘বরাদ্দের টাকা উত্তোলনের বিষয়ে আমরা কিছু জানি না। যিনি দায়িত্বে ছিলেন, তিনিই ভালো বলতে পারবেন।’

 

বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনিরুল হক বলেন, ‘কোনো টাকা আত্মসাত করিনি। কিছু বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায়। পরে গত মঙ্গলবার তা পরিশোধ করে দিয়েছি।’

 

এ বিষয়ে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক নাজমুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব। যদি আত্মসাতের অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৮:২৪:২৪