শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
কাউখালী শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসবে ভক্তদের ঢল, বসেছে রাসমেলা
হোম » পিরোজপুর » কাউখালী শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসবে ভক্তদের ঢল, বসেছে রাসমেলা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব ঘিরে ভক্তদের ঢল নেমেছে। পাঁচ দিনব্যাপী উৎসবের তৃতীয় দিনে শুক্রবার হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগমে মুখর হয়ে উঠেছে আশ্রম প্রাঙ্গণ। পাশাপাশি উৎসব ঘিরে বসেছে ঐতিহ্যবাহী রাসমেলা।
শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের পদচারণায় উৎসবস্থল পরিণত হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন মিলনমেলায়। সকাল থেকেই বাস, মাইক্রোবাস, লঞ্চ, ট্রলার, অটোরিকশা, মহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনে করে ভক্তরা আশ্রমে আসতে শুরু করেন। তাঁদের উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পাঁচ দিনব্যাপী এ আবির্ভাব উৎসব উপলক্ষে আশ্রমে ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা, প্রার্থনা ও বিভিন্ন আয়োজন চলছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ভক্তরা একে অপরের সঙ্গে মিলিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উৎসবে অংশ নিচ্ছেন।
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি আশ্রমের বিশাল মাঠজুড়ে বসেছে ঐতিহ্যবাহী রাসমেলা। মেলায় বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ভক্ত ও পুণ্যার্থীদের আগমন ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। হোটেল-রেস্তোরাঁসহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে জমজমাট কেনাবেচা চলছে। ব্যবসায়ীরা আশা করছেন, রাস উৎসবকে কেন্দ্র করে এবার স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে, উৎসবে আগত ভক্তদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
আগামী ২৯ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ আবির্ভাব উৎসবের সমাপ্তি ঘটবে।
বাংলাদেশ সময়: ১৮:১৬:০২
