শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বাস থেকে তুলে ছাত্রদল নেতাকে নির্যাতন, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

হোম » পিরোজপুর » গোপালগঞ্জে বাস থেকে তুলে ছাত্রদল নেতাকে নির্যাতন, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে বাস থেকে তুলে ছাত্রদল নেতাকে নির্যাতন, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে গোপালগঞ্জে বাস থেকে তুলে নিয়ে নির্যাতন ও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। নির্যাতনের পর পালিয়ে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে। আহত সাব্বির খান ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে।

সাব্বির খান জানান, গ্রামের বাড়ি রাজাপুরে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে ওই ব্যক্তি বাসের পেছনের দিকে গিয়ে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলে বিষয়টি জানান।

এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয়ে কয়েকজন তাঁর মোবাইল ফোন তল্লাশি করেন। ফোনে ছাত্রদলের বিভিন্ন পোস্ট এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে তাঁর সম্পৃক্ততা পাওয়ার পর তাঁকে বাস থেকে নামিয়ে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন সাব্বির।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে নিজের ফেসবুক আইডি থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয়। পরে সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।

সাব্বির জানান, পরে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর পৌঁছান তিনি। পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা তাঁকে সি অফিস চত্বর থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ক্ষোভ প্রকাশ করে বলেন, গোপালগঞ্জে বাস থামিয়ে সাব্বির খানকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং জোরপূর্বক ফেসবুকে আপত্তিকর বক্তব্য প্রচারের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতিহত করতে পিরোজপুর জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতা-কর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে আহত সাব্বির খানের খোঁজখবর নেন। তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতিহত করতে জেলা ছাত্রদলের নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন তাঁরা।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৪২