শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
হোম » আবহাওয়া » ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে। জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও কিছুটা উত্তাল রয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। বর্তমানে এটি ঘূর্ণিঝড় আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
শুক্রবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মহিপুরের গাজী ফিশের স্বত্বাধিকারী মো. মজনু গাজী বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া সব ট্রলারের জেলেদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২৪:৩৭
