বুধবার ● ১১ নভেম্বর ২০২৬

দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ আটক তিন যুবক

হোম » পটুয়াখালী » দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ আটক তিন যুবক
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬


 

দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ আটক তিন যুবক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী) 

 

পটুয়াখালীর দুমকিতে পুলিশের পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ও বুধবার (১১ নভেম্বর) রাতের মধ্যে উপজেলার আংগারিয়া ও লেবুখালী ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে নিজাম মীরার বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই এইচ এম সজলের নেতৃত্বে এ অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মো. শওকত হাওলাদার (২০) ও হৃদয় হাওলাদার (২২) নামে দুই যুবককে আটক করা হয়।

 

শওকত হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া এলাকার সবুজ হাওলাদারের ছেলে। হৃদয় হাওলাদার দুমকি উপজেলার জলিশা গ্রামের পলাশ হাওলাদারের ছেলে।

 

অন্যদিকে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের সাতানী-আঠারোগাছিয়া সড়কের মাথায় সুজন জোমাদ্দারের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ তাওহীদ তালুকদার (২০) নামে আরও এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের নজরুল ইসলাম তালুকদারের ছেলে। এ অভিযানে নেতৃত্ব দেন এএসআই মোশারফ হোসেন।

 

পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দুমকি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে ১০ নভেম্বর একটি এবং ১১ নভেম্বর অপর মামলাটি করা হয়।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বুধবার সকালে পটুয়াখালী আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১:৪০:৫৩ ● ২০ বার পঠিত