বুধবার ● ১১ নভেম্বর ২০২৬

দুমকিতে ভিজিডির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

হোম » পটুয়াখালী » দুমকিতে ভিজিডির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬


 

দুমকিতে ভিজিডির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। নির্ধারিত ৬০ কেজির পরিবর্তে সুবিধাভোগীদের ৫৮ থেকে সাড়ে ৫৮ কেজি চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চাল বিতরণ করা হয়। অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের অনুপস্থিতিতে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেক চাল বিতরণ করেন।

 

ভাইরাল ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী দুই মাসের জন্য প্রত্যেক সুবিধাভোগীর ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল পাওয়ার কথা। এর মধ্যে ৫০ কেজির একটি বস্তা ও আলাদাভাবে ১০ কেজি চাল দেওয়ার নিয়ম রয়েছে। তবে বিতরণের সময় কয়েকজন সুবিধাভোগীর চাল ওজন করে ২ থেকে আড়াই কেজি কম পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

 

পাঙ্গাশিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মশিউর রহমান বলেন, চাল বিতরণের মাত্র ৩০ মিনিট আগে তাঁকে ফোন করা হয়েছিল। দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। নিয়ম অনুযায়ী, চাল বিতরণের বিষয়টি কমপক্ষে এক দিন আগে তাঁকে জানানোর কথা। তাঁর উপস্থিতিতেই চাল বিতরণ করার নিয়ম রয়েছে।

 

তবে ওজনে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেক। তিনি বলেন, কোনো সুবিধাভোগী চাল কম পাওয়ার অভিযোগ করেননি। একজন নারী ইউপি সদস্যের স্বামী উদ্দেশ্যমূলকভাবে তাঁকে হেয় করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।

 

এ বিষয়ে বক্তব্য জানতে পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গাজীকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

 

এলাকাবাসীর অভিযোগ, দুস্থদের জন্য সরকারের বরাদ্দ করা ভিজিডির চাল বিতরণে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছে। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:৩৩:০৭ ● ১৬ বার পঠিত