বুধবার ● ১১ নভেম্বর ২০২৬

অনুমোদন ছাড়াই কলাপাড়ায় চলছে ১০ বেসরকারি বিদ্যালয়, শিক্ষার নামে বাণিজ্য

হোম » পটুয়াখালী » অনুমোদন ছাড়াই কলাপাড়ায় চলছে ১০ বেসরকারি বিদ্যালয়, শিক্ষার নামে বাণিজ্য
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬


অনুমোদন ছাড়াই কলাপাড়ায় চলছে ১০ বেসরকারি বিদ্যালয়, শিক্ষার নামে বাণিজ্যসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষা বিভাগের নিয়মনীতি উপেক্ষা করে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অন্তত ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলার অভিযোগ উঠেছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের নামে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন, সেশন ফি, বই-খাতা ও কলম বিক্রিসহ বিভিন্ন খাতে অর্থ আদায় করা হচ্ছে। অথচ অধিকাংশ প্রতিষ্ঠানের পাঠদানের মান, অবকাঠামো ও পরিবেশ নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

 

এমনই একটি প্রতিষ্ঠান পৌর শহরের গোলাপবাগ এলাকার কলাপাড়া আইডিয়াল স্কুল। বিদ্যালয়টিতে অধিকাংশ দিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। নেই বিদ্যুৎ সংযোগ। একটি বেঞ্চে গাদাগাদি করে বসতে হয় তিন থেকে চারজন শিক্ষার্থীকে। ২৫ জন শিক্ষক থাকার কথা জানানো হলেও তাঁদের অধিকাংশই নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।

 

শুধু এই বিদ্যালয় নয়, কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মালিকানাধীন আরও কয়েকটি বিদ্যালয়ের চিত্র প্রায় একই বলে অভিযোগ রয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, অন্যান্য বিদ্যালয়ের তুলনায় এখানে সেশন ফি ও মাসিক বেতন বেশি। শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নেই। প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের পাশে পানিভর্তি ডোবা থাকায় মশার উপদ্রবও রয়েছে। তাঁদের আশঙ্কা, সেখানে এডিস মশার প্রজনন হতে পারে।

 

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে বিদ্যালয়টি বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম চালিয়েছে। বর্তমানে গোলাপবাগ এলাকায় টিনের স্থাপনা তৈরি করে চলছে পাঠদান। তাঁদের অভিযোগ, বিদ্যালয়টির প্রয়োজনীয় অনুমোদন নেই এবং প্রায়ই শিক্ষকরা অনুপস্থিত থাকেন। পাশেই রয়েছে একটি খাল, যেখান থেকে দুর্গন্ধ ছড়ায়। এ ছাড়া মশার উপদ্রবে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। তাঁরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

 

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রেজা বলেন, পাঠদানের অনুমতির জন্য তাঁরা আবেদন করেছেন। শিক্ষা বোর্ড থেকে সাময়িকভাবে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম চলছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের বই সোবাহান সিকদার মডেল একাডেমি থেকে সরবরাহ করা হয় বলেও জানান তিনি।

 

কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, কলাপাড়া আইডিয়াল স্কুলের স্থাপনা নির্মাণ ও পাঠদানের কোনো অনুমোদন নেই। বর্তমানে নতুন বিদ্যালয়ের স্থাপনা নির্মাণ ও পাঠদানের অনুমতি দেওয়ার নিয়ম নেই। এ জন্য সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাঁদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম চালাতে পারে না। গণমাধ্যমের মাধ্যমে কলাপাড়া আইডিয়াল স্কুলের অনুমোদনহীনভাবে পাঠদান চালানোর বিষয়টি জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া উপজেলার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অবৈধভাবে পাঠদান চালাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১১:১৫:০৮ ● ২৩ বার পঠিত