বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
গলাচিপায় ভিজিএফ চালের মাস্টার রোলে ঝাড়ুদারের ৩১০৬ টিপসই
হোম » পটুয়াখালী » গলাচিপায় ভিজিএফ চালের মাস্টার রোলে ঝাড়ুদারের ৩১০৬ টিপসই
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় জেলেদের ভিজিএফ চাল বিতরণের মাস্টার রোলে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চরকাজল ইউনিয়ন পরিষদের এক ঝাড়ুদার একাই ৩ হাজার ১০৬ জন জেলের নামে মাস্টার রোলে টিপসই দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ওই ঝাড়ুদার মো. দুলাল হোসেন দাবি করেছেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুল্লাহর নির্দেশেই তিনি টিপসই দিয়েছেন। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা।
স্থানীয় বাসিন্দা ও ভিডিও সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ও বুধবার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ হাজার ৫৭৭ জন নিবন্ধিত জেলের মধ্যে ৩ হাজার ১০৬ জনকে ২০২৬-২৭ অর্থবছরে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা বাবদ মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) চাল দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, চাল বিতরণ শেষে রাতের আঁধারে ইউনিয়ন পরিষদের একটি কক্ষ বন্ধ করে বিতরণ করা চালের মাস্টার রোলের কাগজে একাই টিপসই দেন পরিষদের ঝাড়ুদার দুলাল হোসেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ভিডিও করেন। ভিডিওটির একটি কপি এ প্রতিবেদকের হাতে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দুলাল হোসেন বলেন, ‘আমাদের ইউপি সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মহিবুল্লাহ স্যার আমাকে টিপ দিতে বলেছেন। কেন দিতে বলেছেন, সেটা তিনি জানেন।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুল্লাহ বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। এগুলো মেম্বারদের কাজ।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা বলেন, ‘এগুলো আমি কিছুই জানি না। যারা করেছে, এটা তাদের ব্যাপার।’
চরকাজল ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণের ট্যাগ কর্মকর্তা ও গলাচিপা উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মহিবুল্লাহ আহসান বলেন, সোমবার ও বুধবার জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সোমবার তিনি কিছু সময়ের জন্য ইউনিয়ন পরিষদে ছিলেন। বুধবার পুরো সময় উপস্থিত ছিলেন বলে জানান। তবে প্রথম দিন রাঙ্গাবালী উপজেলায় অতিরিক্ত দায়িত্ব থাকায় তাঁকে সেখানে যেতে হয়েছিল।
তিনি বলেন, ‘আমি থাকা অবস্থায় সুবিধাভোগীদের টিপসই নিয়েই চাল দেওয়া হয়েছে। আমার অবর্তমানে কী হয়েছে, তা জানি না।’
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। তথ্য বা অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১১:০০:৩২ ● ১৬ বার পঠিত
