মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধ-ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন, আহত অর্ধশতাধিক

হোম » ঢাকা » টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধ-ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন, আহত অর্ধশতাধিক
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধ-ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন, আহত অর্ধশতাধিক

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষ ও ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে টুঙ্গিপাড়ার পাটগাতী স্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে টায়ার জ্বালান। একপর্যায়ে পাটগাতীতে উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

 

খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হন বলে জানা গেছে।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার কথা জানিয়েছেন। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:০১ ● ১৮ বার পঠিত