মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
চাটখিলে কিশোর হত্যা: তিন বছরেও বিচার শেষ হয়নি, জামিনে আসামি
হোম » চট্টগ্রাম » চাটখিলে কিশোর হত্যা: তিন বছরেও বিচার শেষ হয়নি, জামিনে আসামি
![]()
সাগরকন্যা প্রতিবেদক
নোয়াখালীর চাটখিলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ১৫ বছর বয়সী স্কুলছাত্র ওসমান গণি হত্যার তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিচার শেষ হয়নি। মামলায় এখনো দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে বলে জানিয়েছেন নিহতের মা। অন্যদিকে, হত্যা মামলার আসামি জামিনে মুক্ত হয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। বিশেষ করে স্কুলে যাওয়া-আসার পথে আসামিকে দেখে আতঙ্কিত হচ্ছে নিহতের বোন। পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে আসামি এলাকায় প্রভাব বিস্তার করছেন।
২০২৩ সালের ৯ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে চাটখিল উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়নের মানিকপুর গ্রামের সিরাজ মিয়ার বসতঘরসংলগ্ন আঙিনায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গণি ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মামলার এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, প্রতিবেশী এক কিশোরের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে ওসমানের বিরোধের সূত্রপাত হয়। খেলার একপর্যায়ে একটি ফুটবল তার পায়ের কাছে এলে সে জোরে কিক মারে। এতে বলটি পাশের একটি ভবনের ছাদে গিয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই কিশোরের বাবা মো. মন্টু (৩২) ক্ষিপ্ত হয়ে ওসমানকে কাঠের বাটাম দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।
গুরুতর আহত ওসমানকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে ২০২৩ সালের ১১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা উম্মে হানি রুমা ১০ জুলাই চাটখিল থানায় লিখিত অভিযোগ করেন। থানার প্রাথমিক তথ্য বিবরণীতে মামলাটির নম্বর ৫৮২ উল্লেখ রয়েছে। এজাহারে অভিযুক্ত মন্টুর বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৫, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে আদালতের নথিতে মামলাটির দায়রা মামলা নম্বর ৯৪১/২০২৪ উল্লেখ রয়েছে।
সন্তান হত্যার বিচার পেতে দীর্ঘ অপেক্ষার কথা জানিয়ে উম্মে হানি রুমা বলেন, ‘এই মামলার বিচার পেতে আমাকে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। মামলার যেসব সাক্ষী ছিলেন, তাদের একজনের পর একজন আদালতে হাজির করেছি। এরপরও তারিখের পর তারিখ পড়েছে। এমনকি বিচারক না থাকার কারণ দেখিয়েও আমাকে বারবার ঘুরতে হয়েছে। এখন মাত্র দুজন সাক্ষীর সাক্ষ্য বাকি রয়েছে। তাদের একজন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর এবং অন্যজন চিকিৎসক ডা. এম মহিউদ্দিন।’
হত্যাকাণ্ডের পেছনের কারণ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা যখন বাড়ি নির্মাণের কাজ শুরু করি, তখন মালামাল আনা-নেওয়ার জন্য মন্টু মিয়ার গাড়ি ঠিক করতে চেয়েছিলাম। কিন্তু ভাড়া নিয়ে দরদাম না মেলায় তার গাড়ি দিয়ে কোনো মালামাল আনা-নেওয়া করাইনি। এ ঘটনায় সে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে হত্যা করেছে বলে আমরা মনে করি। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। রাষ্ট্রের কাছে আমার একটাই দাবি, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই।’
তিনি আরও অভিযোগ করেন, ‘এলাকার অনেক প্রভাবশালী ব্যক্তি আসামিকে সহযোগিতা করছেন। বিশেষ করে বিপ্লব মেম্বারের ছত্রচ্ছায়ায় সে জামিনে থেকে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। বিপ্লব মেম্বার কেন তাকে এভাবে সহযোগিতা করছেন, এর পেছনে তার স্বার্থ কী, সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন।’
নিহত ওসমানের বোন জান্নাতুল মাওয়া মাশপিও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, আসামি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করায় স্কুলে যাওয়া-আসার পথে তাঁকে আতঙ্কে থাকতে হচ্ছে।
তিনি বলেন, ‘আমি স্কুলে যাওয়ার পথে প্রায়ই মন্টু মিয়ার সঙ্গে দেখা পাই। সে আমার দিকে এমন আক্রমণাত্মক দৃষ্টিতে তাকায় যে, মনে হয় যেকোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। তাকে দেখলেই আমি ভয় পেয়ে যাই। সবসময় আতঙ্কে থাকি, কখন জানি আমারও ক্ষতি করে বসে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘মন্টু মিয়ার বাবা ইয়াবার সঙ্গে জড়িত, ইয়াবা বিক্রি করেন এবং মন্টু নিজেও ইয়াবা সেবন করে। স্কুলে যেতে-আসতে ভীষণ ভয় লাগে। আমি আমার লেখাপড়া নিয়েও আতঙ্কিত। স্বাভাবিকভাবে স্কুলে যাওয়া-আসা করতে পারছি না।’
ক্ষোভ প্রকাশ করে জান্নাতুল মাওয়া মাশপি বলেন, ‘আমার ভাইকে দিনের আলোতে এভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার আসামি কীভাবে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ায়? আমরা কি নিরাপদে চলাফেরা করতে পারব না? আমি আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। আদালতের মাধ্যমে হত্যাকারীর ফাঁসি চাই।’
মামলার ৮ নম্বর সাক্ষী জিল্লুর রহমান বলেন, ‘আমি প্রায় এক বছর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছি। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও আসামির ফাঁসি দাবি করছি। মন্টু মিয়া ওসমান গণিকে হত্যা করেছে, তা স্পষ্ট। এরপরও সে কীভাবে জামিনে আসে, তা আমার বোধগম্য নয়।’
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও ওসমান গণি হত্যার বিচার চান। তাদের বক্তব্য, একজন কিশোর হত্যার মামলার আসামি জামিনে মুক্ত হয়ে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করায় তারা উদ্বিগ্ন। কী প্রক্রিয়ায় আত্মসমর্পণের পর তিনি জামিন পেয়েছেন, তা নিয়েও তাদের মধ্যে প্রশ্ন রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা এ ঘটনায় এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকার দিকেও ইঙ্গিত করেছেন। তাদের অভিযোগ, বিপ্লব মেম্বারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আসামিকে সহযোগিতা ও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।
ওসমানের বাবা মিজানুর রহমান জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। প্রবাসে থাকা অবস্থায় সন্তানের মৃত্যুসংবাদ পান তিনি। অন্যদিকে, মা উম্মে হানি রুমা সন্তানের স্মৃতি বুকে নিয়ে এখনো বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন।
তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিচার শেষ না হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তাদের প্রশ্ন, মামলায় মাত্র দুজন সাক্ষীর সাক্ষ্য বাকি থাকার পরও বিচারিক কার্যক্রম শেষ হতে এত দীর্ঘ সময় লাগছে কেন?
পরিবারের দাবি, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আসামির জামিনের পর এলাকায় তাঁর চলাফেরা এবং প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতার অভিযোগ খতিয়ে দেখতে হবে। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।
সন্তানকে আর ফিরে পাওয়ার সুযোগ নেই। তবে হত্যার বিচার পাওয়ার আশায় এখনো আদালতের দিকে তাকিয়ে আছেন মা উম্মে হানি রুমা। তাঁর দাবি, দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫৩ ● ১৬ বার পঠিত
