সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
বৌলতলীতে চেয়ারম্যান প্রার্থী কল্যাণ বিশ্বাসের গণসংযোগ, মণ্ডপে মণ্ডপে চাইছেন ভোট
হোম » ঢাকা » বৌলতলীতে চেয়ারম্যান প্রার্থী কল্যাণ বিশ্বাসের গণসংযোগ, মণ্ডপে মণ্ডপে চাইছেন ভোট
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কল্যাণ বিশ্বাস। ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি শ্যামাপূজার মণ্ডপে মণ্ডপে গিয়ে আশীর্বাদ ও ভোট চাইছেন তিনি।
গত কয়েকদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন কল্যাণ বিশ্বাস। শ্যামাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদ্যাপন কমিটির নেতাদের, ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মণ্ডপে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে কল্যাণ বিশ্বাস বলেন, ‘বৌলতলী ইউনিয়ন শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর এক অনন্য নিদর্শন। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে দলমতনির্বিশেষে ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকব। একটি আধুনিক, মডেল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলব।’
এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ ভোটাররা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে ছিলেন।
শ্যামাপূজার মণ্ডপকেন্দ্রিক এই প্রচারণার পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন কল্যাণ বিশ্বাস। তাঁর এই তৎপরতায় বৌলতলী ইউনিয়নে সম্ভাব্য নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর আগেই তাঁর এই গণসংযোগ ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে শেষ পর্যন্ত ভোটারদের সমর্থনের ওপর।
বাংলাদেশ সময়: ১৯:০১:১৯ ● ১১ বার পঠিত
