সোমবার ● ৯ নভেম্বর ২০২৬

বরগুনায় ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ৩০ কেজির বদলে ২৭-২৮ কেজি

হোম » বরগুনা » বরগুনায় ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ৩০ কেজির বদলে ২৭-২৮ কেজি
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


বরগুনায় ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ৩০ কেজির বদলে ২৭-২৮ কেজিসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

সরকারি ভিজিডির চাল বিতরণে ওজনে কারচুপির অভিযোগ উঠেছে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে। উপকারভোগীদের প্রত্যেকের ৩০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ২৭ থেকে ২৮ কেজি। এমনকি ইউনিয়ন পরিষদের নিচে চালের বস্তা খুলে বিতরণ করতেও দেখা গেছে। তবে চাল কম দেওয়ার দায় নিতে নারাজ খাদ্যগুদাম ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা। একে অপরের ওপর দায় চাপাচ্ছেন তাঁরা।

 

ফুলঝুড়ি ইউনিয়নের ১৯৬ জন উপকারভোগীর জন্য দুই মাসের ভিজিডি কর্মসূচিতে মোট ১১ হাজার ৭৬০ কেজি চাল বরাদ্দ রয়েছে। সে হিসাবে প্রত্যেকের ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু চাল নিতে এসে নির্ধারিত পরিমাণের চেয়ে ২ থেকে ৩ কেজি কম পাচ্ছেন বলে অভিযোগ করেছেন উপকারভোগীরা।

 

তাঁদের অভিযোগ, চাল বিতরণের সময় ওজন করে দেওয়া হয় না। প্রতিবারই নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের নিচে চালের বস্তা খুলে বিতরণ করতেও দেখা গেছে।

 

চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সারোয়ার বলেন, খাদ্যগুদাম থেকে তাঁকে সঠিকভাবে চাল মেপে দেওয়া হয়নি। যেভাবে বস্তা দেওয়া হয়েছে, সেভাবেই বিতরণ করেছেন তাঁরা। কোনো বস্তা খোলা হয়নি।

 

একই দাবি করেন ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক বীথি রানী দেবনাথ। তিনি বলেন, তাঁরা কাউকে কম চাল দেননি। কেউ কম পেয়ে থাকলে পরিষদে অভিযোগ করলে তাঁকে চাল দেওয়া হবে।

 

অন্যদিকে, বরগুনা সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) হাসান কবির বলেন, খাদ্যগুদাম থেকে চাল নেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন না। বিতরণের সময় হাসান তারেক উপস্থিত ছিলেন।

 

তবে হাসান তারেকের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ‘আমি ছিলাম না, স্যার ছিলেন।’

 

খাদ্যগুদামের দুই কর্মকর্তার বক্তব্যে দায়িত্ব পালন নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। একজন বলছেন তিনি উপস্থিত ছিলেন না, অন্যজনও একই দাবি করছেন। তাহলে ১১ হাজার ৭৬০ কেজি চাল বুঝিয়ে দেওয়া ও বিতরণের সময় দায়িত্বে ছিলেন কে? উপকারভোগীদের কম চাল পাওয়ার দায়ই বা কার? এমন প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

 

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, খাদ্যগুদাম থেকে চাল মেপে না দেওয়ার কোনো সুযোগ নেই। চাল গ্রহণ ও বিতরণের সময় অবশ্যই ওজন করে বুঝিয়ে দিতে হবে। কাউকে কম চাল দেওয়ার সুযোগ নেই। কেউ এমন অনিয়ম করে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৩৭ ● ১৮ বার পঠিত