সোমবার ● ৯ নভেম্বর ২০২৬

আমতলীতে পায়রা নদীর ফেরিতে পেট্রল ঢেলে নাশকতার চেষ্টা

হোম » বরগুনা » আমতলীতে পায়রা নদীর ফেরিতে পেট্রল ঢেলে নাশকতার চেষ্টা
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


আমতলীতে পায়রা নদীর ফেরিতে পেট্রল ঢেলে নাশকতার চেষ্টাসাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষ সোমবার দুপুরে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

 

ফেরি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আমতলীর পায়রা নদী পারাপারে গত ৩৫ বছর ধরে তিনটি ফেরি চলাচল করছে। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ভিআইপি ফেরির ইঞ্জিন কভারে পেট্রল ঢালে। এ সময় তারা ফেরিতে থাকা ইজারাদারের প্রতিনিধি মো. আসলামের কক্ষের ছিটকিনি বাইরে থেকে আটকে দেয়।

 

বিষয়টি টের পেয়ে আসলাম ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে আগুন না দিয়েই মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষ ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে কর্তৃপক্ষ।

 

ফেরির খালাসি সায়েম বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফেরি পন্টুনে আটকে রেখে তিনি ঘুমাতে যান। এ সময় একটি মোটরসাইকেল ফেরির পন্টুনে এসে থামে। পরে দুর্বৃত্তরা ইজারাদারের প্রতিনিধি আসলামের কক্ষের ছিটকিনি আটকে দিয়ে ফেরির ইঞ্জিন কভারে আগুন দেওয়ার উদ্দেশ্যে পেট্রল ঢালে। আসলামের চিৎকারে লোকজন ছুটে এলে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।

 

ফেরির চালক আব্দুল বারেক হাওলাদার বলেন, দুর্বৃত্তরা ফেরিতে আগুন দেওয়ার উদ্দেশ্যে পেট্রল ঢেলেছিল। তবে ইজারাদারের প্রতিনিধি আসলাম বিষয়টি টের পাওয়ায় তারা আগুন দিতে পারেনি।

 

বরগুনা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলাম বলেন, ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে দুর্বৃত্তরা পেট্রল ঢেলেছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৭:২১:৫৩ ● ১২ বার পঠিত