বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে প্রথমবার আন্তর্জাতিক কোস্ট গার্ড প্রশিক্ষণ, অংশ নিল ৫ দেশ

হোম » লিড নিউজ » পটুয়াখালীতে প্রথমবার আন্তর্জাতিক কোস্ট গার্ড প্রশিক্ষণ, অংশ নিল ৫ দেশ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬


 

পটুয়াখালীতে প্রথমবার আন্তর্জাতিক কোস্ট গার্ড প্রশিক্ষণ, অংশ নিল ৫ দেশ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ সম্পন্ন হয়েছে। ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে পাঁচটি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

 

বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার সক্ষমতা উন্নয়ন এবং মানব পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার দক্ষতা অর্জন। পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এ বাহিনীর পেশাগত সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষতা ও পেশাদারত্ব বৃদ্ধির পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত হবে।

 

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও আন্তদেশীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:০০ ● ২৮ বার পঠিত