শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
জমি নিয়ে বিরোধ: কয়রায় মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
হোম » খুলনা » জমি নিয়ে বিরোধ: কয়রায় মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় জমি দখলের অভিযোগকে মিথ্যা দাবি করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আজিজুল হক নামে এক ব্যক্তি। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
আজিজুল হক কয়রা উপজেলার ১ নম্বর কয়রা গ্রামের বাবর আলী গাজীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুল হক বলেন, গত ২২ অক্টোবর একই গ্রামের তাঁর প্রতিপক্ষ নজরুল ইসলাম মন্টু জায়গা দখলের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে যেসব কথা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন, কয়রা মৌজার ১ নম্বর কয়রা গ্রামে ১৯ শতক জমি কিনে দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। গত ২১ অক্টোবর ওই জমির ঘেরাবেড়া নষ্ট হয়ে যাওয়ায় তিনি নতুন করে ঘেরাবেড়া দেন। নিজের ভোগদখলীয় জমিতেই তিনি এ কাজ করেছেন।
আজিজুল হকের অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ফায়দা লোটার চেষ্টা করছেন। এর আগে জায়গা নিয়ে ঝামেলা আছে দাবি করে নজরুল ইসলাম মন্টু তাঁর কাছে টাকা দাবি করেছিলেন। সেই দাবি পূরণ করতে না পারায় দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আজিজুল হক আরও বলেন, জমি দখলের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৪:৪৩:৫৮ ● ২৯ বার পঠিত
