শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬

দুমকিতে মৎস্য অভিযানের স্পিডবোটে হামলা, জব্দ ২ নৌযান

হোম » জেলে-মৎস্য » দুমকিতে মৎস্য অভিযানের স্পিডবোটে হামলা, জব্দ ২ নৌযান
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬


 

দুমকিতে মৎস্য অভিযানের স্পিডবোটে হামলা, জব্দ ২ নৌযান

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে সংঘবদ্ধ জেলেদের বাধার মুখে পড়েছে মৎস্য বিভাগের অভিযানকারী দল। এ সময় জেলেরা স্পিডবোট ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে দুটি মাছ ধরার নৌযান ও ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দুমকি উপজেলার আঙ্গারিয়ার বিপরীতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা, দুধলমৌ ও নারায়ণকূল সংলগ্ন পায়রা, পাণ্ডব ও পাতাবুনিয়া নদী এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নদীতে অভিযান চালাচ্ছিল মৎস্য বিভাগের দল। এ সময় কয়েকটি নৌকায় জেলেদের মাছ ধরতে দেখে সেগুলো আটক করতে এগিয়ে যান অভিযানকারীরা। তখন জেলেরা গামছা উড়িয়ে অন্য নৌকার লোকজনকে সংকেত দেন।

 

এরপর মুহূর্তের মধ্যে আরও ১৫ থেকে ২০টি নৌকা নিয়ে সংঘবদ্ধ জেলেরা অভিযানকারী দলের স্পিডবোট ধাওয়া করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানকারীরা নিরাপদ স্থানে সরে যান।

 

এ সময় পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী ও সহকারী পরিচালক (প্রশাসন) মোস্তফা আল রাজিব পৃথক একটি বোটে অবস্থান করছিলেন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে দুমকি ও পটুয়াখালী সদর এবং বরিশালের বাকেরগঞ্জ থানা-পুলিশ, নৌপুলিশ ও কোস্ট গার্ডকে খবর দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর চারটি স্পিডবোট ও তিনটি নৌযান নিয়ে যৌথ অভিযান শুরু হয়। এ অভিযানে দুটি মাছ ধরার নৌযান জব্দ করা হয়।

 

পরে জব্দ করা ২০ হাজার মিটার অবৈধ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানের সময় সংঘবদ্ধ জেলেরা স্পিডবোট ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে দুটি নৌযান ও অবৈধ জাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাকেরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৫:৪৪ ● ২৮ বার পঠিত