বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

হোম » ভোলা » বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

 

ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত দুই ভাই হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলম বক্তার ও তাঁর তিন ছেলে দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করেন। বৃহস্পতিবার সকালে তাঁরা তজুমদ্দিন থেকে আলম বক্তারের শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। এ সময় গাছের কাছে একটি ছেঁড়া বিদ্যুতের তার দেখে আলম বক্তার সেটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

বাবাকে বাঁচাতে গাছের নিচে থাকা ছেলে রাকিব এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছে থাকা আরেক ছেলে রহিম তাঁদের উদ্ধার করতে নিচে নামলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে বাবা ও দুই ছেলে গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও রহিমকে মৃত ঘোষণা করেন। সামান্য আহত আলম বক্তার প্রাণে বেঁচে যান।

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৪৮ ● ২৮ বার পঠিত