বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬

গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, মোংলা ত্যাগ

হোম » জাতীয় » গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, মোংলা ত্যাগ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, মোংলা ত্যাগ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

দিনব্যাপী সরকারি সফর শেষে মোংলা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটে মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

 

সফরের শেষ পর্যায়ে ফেরার পথে গাড়িবহর থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে হাত মেলান এবং কুশল বিনিময় করেন তিনি। স্থানীয়রা প্রধানমন্ত্রীর কাছে তাঁদের বিভিন্ন দাবির কথাও তুলে ধরেন।

 

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। সুন্দরবনের আকরাম পয়েন্টে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের স্থান আকাশপথে পরিদর্শন করেন তিনি। পরে মোংলায় পৌঁছে দিগরাজে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে খুলনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন।

 

বিকেলে মোংলা বন্দরের মূল জেটি এলাকায় পণ্য খালাস কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বন্দরের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলও পরিদর্শন করেন তিনি।

 

সরকারি সফর হওয়ায় এ সময় কোনো রাজনৈতিক সভা-সমাবেশ কিংবা দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেননি প্রধানমন্ত্রী।

 

স্থানীয় ব্যবসায়ী, বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বন্দর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। এতে মোংলাকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দিনভর মোংলা বন্দর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪৮ ● ৩১ বার পঠিত