বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬

কালকিনিতে বোরকা পরে হামলা, পাল্টা হামলায় যুবক নিহত, আহত ৩

হোম » ঢাকা » কালকিনিতে বোরকা পরে হামলা, পাল্টা হামলায় যুবক নিহত, আহত ৩
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

কালকিনিতে বোরকা পরে হামলা, পাল্টা হামলায় যুবক নিহত, আহত ৩

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে হামলা চালাতে গিয়ে পাল্টা হামলায় তাইজুল সরদার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহত তাইজুল সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তিনি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

 

আহতরা হলেন মহসিন চৌকিদার ও জহির চৌকিদার। তাঁরা কালিগঞ্জের মোতালেব চৌকিদারের ছেলে ও সম্পর্কে দুই ভাই। অপর আহত আল আমিন সরদার সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালিগঞ্জ বাজারে হানিফ হাওলাদারের চায়ের দোকানে মহসিন, জহিরসহ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার আড্ডা দিচ্ছিলেন। এ সময় বোরকা পরে ইজিবাইকে আসা হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই ভাই মহসিন ও জহিরকে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীদের ধাওয়া করে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাইজুল ও আল আমিনকে কুপিয়ে জখম করা হয়।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাইজুলের মৃত্যু হয়। গুরুতর আহত মহসিন ও জহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারসহ কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাঁদের দাবি, মিলন সরদার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। তাঁর উপস্থিতিতে এমন ঘটনা এলাকায় আরও সংঘাতের আশঙ্কা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তাঁরা। এ পরিস্থিতিতে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তাইজুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হাফিজুর রহমান মিলন সরদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২৬ ● ৩৫ বার পঠিত