বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬

দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, কয়রায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

হোম » খুলনা » দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, কয়রায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, কয়রায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় জমি দখল, সীমানা বেড়া দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বিরোধপূর্ণ জমির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

 

লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, কয়রা মৌজায় এসএ ৯৫২ ও ৭১ নম্বর খতিয়ানের ২১১ দাগে ১৯ শতক ২৯ পয়েন্ট এবং ২৪৮ দাগে ১১ শতক ২১ পয়েন্ট, মোট সাড়ে ৩০ শতক জমি কিনে তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। পরবর্তী সময়ে দলিলমূলে জমি কিনে নিজের নামে নামজারিও সম্পন্ন করেছেন বলে দাবি করেন তিনি।

 

নজরুল ইসলাম জানান, জমি ভাগবণ্টন নিয়ে বিরোধের জেরে তিনি কয়রা সিনিয়র সহকারী জজ আদালতে ৭৪/২৫ নম্বর বণ্টন মামলা করেছেন। পরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। গত ৬ অক্টোবর ওই আবেদনের শুনানি হয়েছে। পরবর্তী ধার্য তারিখে আদেশের অপেক্ষায় রয়েছেন তিনি।

 

লিখিত অভিযোগে বলা হয়, গত ২১ অক্টোবর সকাল ১০টার দিকে একই গ্রামের আজিজুল হকসহ কয়েকজন বিরোধপূর্ণ জমির প্রায় শূন্য দশমিক শূন্য আট একর অংশ দখল করে সীমানা বেড়া দেন। এ সময় প্রতিবাদ করলে তাঁকে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন নজরুল ইসলাম।

 

তিনি বলেন, জমি দখল হয়ে গেলে তাঁর অপূরণীয় ক্ষতি হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও প্রকাশ করেন তিনি। এর আগে এ ঘটনায় কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি এবং ২২ অক্টোবর লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।

 

অভিযোগের বিষয়ে আজিজুল হক বলেন, ‘আমার জায়গায় আমি ঘেরাবেড়া দিয়েছি। তারা মিথ্যা অভিযোগ করে আমাকে হয়রানি করছে।’

 

বাংলাদেশ সময়: ১৬:৫৭:০২ ● ৩০ বার পঠিত