বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
পিরোজপুরে বৃদ্ধকে মারধরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
হোম » পিরোজপুর » পিরোজপুরে বৃদ্ধকে মারধরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগে করা মামলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ছালাম শেখ পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২০ অক্টোবর রাত ৯টার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, বাড়ি যাওয়ার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
এজাহারে অভিযোগ করা হয়েছে, বিএনপির কর্মীদের গালিগালাজ এবং বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদ করায় ছালাম শেখের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে কিল-ঘুষি মারার পাশাপাশি মাটিতে পড়ে যাওয়ার পরও মারধর করা হয়। পরে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করা হয়েছে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অভি হাসান আকাশ অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছালাম শেখের পাশে থাকার কথা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল সালেকিন তপনও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এজাহারে মো. নোমান হোসেন মৃধাকে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁরসহ সাতজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:১৫:২১ ● ২৪ বার পঠিত
